
নিউজ ডেস্কঃ গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করার জন্যই ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।
আজ দুপুরে আওয়ামিলীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। পরে ১৪ দলের বৈঠকে দেশব্যাপী হত্যা-খুনের প্রতিবাদে ৮ মে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৮ মে রাজশাহী মহানগর ১৪-দলীয় জোটের উদ্যোগে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের পরিস্থিতি যখন স্থিতিশীল হচ্ছে। বাংলাদেশ যখন জাতীয়-আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ধারাবাহিকভাবে একই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। যার উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা। এই সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলা ।
নাসিম বলেন, যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই গুপ্ত হত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায়। জাতীয়-আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করেও এ বিচার বন্ধ করা যায়নি। এই বিচার হচ্ছে, হবে। অতীতে যেমন ১৪ দল সকল চক্রান্ত মোকাবিলা করেছে। আজকেও বিএনপি-জামায়াত জোটের যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবিলা করবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। আমাদের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ ধরনের ঘটনা মোকাবিলা করতে হবে ।
সংবাদ সম্মেলনের পর বৈঠকে বসে ১৪-দলীয় জোট। সেখানে জ্বালানি তেলের দাম কমায় বাসের ভাড়া কমানোর ব্যাপারে কথা বলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। তিনি বলেন, তেলের দাম কমায় বাসের ভাড়া কমাতে হবে। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাঁর বক্তব্যে অন্যরাও সমর্থন করেন ।
বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার ও কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী উপস্থিত ছিলেন। জাসদের ভাগাভাগি বিষয়ে কথা উঠলে তা জোটের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আলোচনা করার কথা বলেন মোহাম্মদ নাসিম ।
১৪ দলের বৈঠকে আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন ।