
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়গা নামে স্থানে একটি মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি করে নগদ ২৬ হাজার টাকা ও এক লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল। সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সুকুমার সরকার (৫৬) নামে একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সুকুমার সরকারের বড় ভাই পরিতোষ সরকার সাংবাদিকদের বলেন, গতকাল (শুক্রবার) বার্ধক্যজনিত কারণে আমার মা তুলসি রানী মল্লিক মারা যান। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যাচ্ছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে। আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাসে ছিলো। পথে রাত আনুমানিক দেড়টার দিকে শেখের জায়গা নামে স্থানে পথ আটকে থামিয়ে রাখা একটি মাটির ট্রাকের কারণে আমাদের গাড়ি দু’টি থামালে ১০-১২ জনের ডাকাতদল হামলা চালায়। এ সময় তারা নগদ ২৬ হাজার টাকা ও এক লাখ টাকার স্বর্ণালংকার লুট করে।
তিনি আরও জানান, ডাকাতদের হামলা তার ভাই সুকুমার সরকার গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠায়।