
নিউজ ডেস্কঃ ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান জেন সেন বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের অংশীদারিত্বমূলক ৫ বছর মেয়াদী ১টি উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অনুমোদন দিয়েছেন। যা বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্যে গৃহীত ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ । ঢাকায় অবস্থিত ডেনিশ দূতাবাস আজ রোববার এ তথ্য জানায় ।
নতুন এ ৫ বছর মেয়াদী উন্নয়ন সহযোগিতা কর্মসূচি শুরু হবে ২০১৬ সালের শেষ দিকে। সরকারি পর্যায়ে চুক্তি স্বাক্ষরের জন্য ডেনিশ দূতাবাস অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আলোচনা শুরু করবে ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দানের ক্ষেত্রে ডেনমার্ক ছিল প্রথম কয়েকটি রাষ্ট্রের মধ্যে অন্যতম।
এর মধ্যে অনেক ঘটনাবহুল সময় পার হয়েছে এবং দৃঢ় অংশীদারিত্বের মাধ্যমে ২ দেশ ভালো ফলাফল অর্জন করেছে। তবে এখনো বাংলাদেশ বেশ কিছ সমস্যার মোকাবেলা করছে ।পরবর্তী ৫ বছরে ডেনিশ উন্নয়ন প্রচেষ্টার মূল ক্ষেত্রগুলো হবে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার। এটি ১টি সমন্বিত প্রচেষ্টার অংশ যেখানে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগীরা, সুশীল সমাজ ও প্রাইভেট সেক্টর সম্পৃক্ত থাকবে ।
দূতাবাস জানায় ডেনমার্ক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সামাজিক ক্ষমতায়নের প্রচেষ্টাগুলোকে সহযোগিতার মাধ্যমে এ উন্নয়ন কর্মসূচিটি বাংলাদেশের মানুষের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে সহায়তা করবে। বাংলাদেশ গত ১ দশকে সামাজিক ও অর্থনৈতিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে ।
ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানেফুগল স্কেয়ার বলেন ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৩-২০ ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সামষ্টিক, দারিদ্র্যিক ও টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
আমি বিশ্বাস করি, বাংলাদেশে ডেনমার্কের এ ৫ বছর মেয়াদী কর্মসূচি ১টি পরিবর্তন আনতে সক্ষম হবে ।ডেনিশ উন্নয়ন প্রচেষ্টা সারা দেশে ভালো ফলাফল অর্জন করেছে। ৩০ লাখ কৃষকের যাদের মধ্যে অর্ধেকই নারী তাদের উপার্জন ও খাদ্য নিরাপত্তার উন্নতি হয়েছে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে লাখ লাখ মানুষের জন্য স্থানীয় বাজার ও দুর্যোগ কেন্দ্রগুলোতে প্রবেশ সহজ হয়েছে ।