
নিউজ ডেস্কঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মনোয়ার হোসেনকে অপহরণের শিকার হয়েছেন। অপহরণের তিন ঘণ্টা পর আজ বিকেলে একই ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর একটি দল।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মো. হাসান আরাফাত সাংবাদিকদের জানান, দুপুরে মনোয়ার কালাই থেকে অটোরিকশাযোগে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় অটোরিকশাটির গতিরোধ করে তাকে অপহরণ করে কয়েক দুর্বৃত্ত।
খবর পেয়ে তিন ঘণ্টা পর র্যাব সদস্যরা মাত্রাই ইউনিয়নের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে মনোয়ারকে উদ্ধার করে।
এ সময় আ. রাজ্জাক পালিয়ে গেলেও তার স্ত্রী নূরী আক্তার (৪২), শাইলগুন গ্রামের আব্দুল জোব্বারের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও কুসুমশারা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাহবুবুর রহমান মামুদ (৩২) নামে তিনজনকে আটক করা হয়।