
নিউজ ডেস্ক : আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবারও দিনভর শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে এই কর্মসূচি পালন করেন।
জানাগেছে অভিযুক্ত মাহফুজুর রশিদ ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। একই বিভাগের ছাত্রীকে দীর্ঘ দিন ধরে যৌন হয়রানি করে আসছিল বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগে আরো বলা হয়, গত পাঁচ বছরে অভিযুক্ত শিক্ষক ফেরদৌসের হাতে নিজ বিভাগের অনেক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি, সকল একাডেমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত দেন। তবে পরে আন্দোলনের উত্তাপ ছড়ানোয় তড়িঘড়ি করে কতৃপক্ষ সভা ডেকে অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করে।