
নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ ও তার সহোদর আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এই দিন নির্ধারনের এই আদেশ দিয়েছিলেন।
এ মামলার আসামি শামসুদ্দিনের পক্ষে তার আইনজীবী মাসুদ রানা এবং পলাতক বাকি চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান তাদের যুক্তি উপস্থাপন করেন। পাশাপাশি মামলার প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানাও আসামীদের বিরুদ্ধে তাদের পাল্টা যুক্তি তুলে ধরেন।
পরে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি গত ১১ এপ্রিল রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের ৫ জনের বিরুদ্ধে ৭টি অভিযোগের ওপর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ হয় ট্রাইব্যুনালে।
এ মামলার অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ গ্রেপ্তার আছেন। আর পলাতক বাকি চার আসামি হলেন, শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।