
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে একটি শর্টগান ও ৭ রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুর ২টায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), সবুজ (৩০), উজ্জল (৩১) বাবু মিয়া (৩২)। সাব্বির শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে। সবুজ ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে। উজ্জ্বল মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে ও বাবু মিয়া ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটককৃত ৪ যুবক ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে এসে শহরের ইসলাম প্লাজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই হোটেলে অভিযান চালায় । এসময় একটি শর্টগান ও ৭ রাউন্ড গুলিসহ ওই ৪ যুবককে আটক করে ডিবি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্রসহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।