
নিউজ ডেস্কঃ দেশের নিম্ন আদালত সমূহে সহায়ক কর্মচারীদের শুন্যপদে নিয়োগে আইন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই নিয়োগ দেওয়া যাবে বলে রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে আইন মন্ত্রণালয়ের করা আবেদন আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।রিভিউ আবেদন খারিজের পর আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ১টি প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, অধস্তন আদালত সমূহের সহায়ক কর্মচারীদের শুন্যপদ পূরণের পূর্বে প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ছাড়পত্র গ্রহণের আবশ্যকতা না থাকা সংক্রান্ত সিদ্ধান্ত বহাল রয়েছে ।এমতবস্থায় হাইকোর্টের ৩/২০১৬ সার্কুলারের নির্দেশনা অনুসারে অধস্তন আদালত সমূহের সহায়ক কর্মচারীদের শুন্যপদসমূহ পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা জজ আদালতে ৫জন কর্মচারী নিয়োগের ৭ মাস পর ২০০৭ সালের ২৪শে জুলাই আইন মন্ত্রণালয়ের নির্দেশে তা বাতিল করা হয়। মন্ত্রণালয়ের অনুমাদনের পর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় ওই বাতিল আদেশ দেওয়া হয় ।এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মো. আবুল কালাম আজাদসহ ওই কর্মচারীরা ।
রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে আইন মন্ত্রণালয়।গত বছরের ১৫ই ডিসেম্বর আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন।আপিল বিভাগের এই রায় পুন:বির্বেচনা চেয়ে আবারও আবেদন করে আইন মন্ত্রণালয়। ওই পুন:বির্বেচনা আবেদনের শুনানিতে আপিল বিভাগ তা খারিজ করে দেন।