
নিউজ ডেস্কঃ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদেরকে তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের প্রকল্প পরিচালক কবি মোঃ ফয়সাল শাহ ।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছে। মেহের আফরোজ চুমকি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে না পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে পারবে না। নারীর পূর্ণ ক্ষমতায়ন তথ্যপ্রযুক্তির জ্ঞান ছাড়া সম্ভব নয়।
মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নে চলমান উন্নয়ন ধারায় নারীকে সমৃদ্ধ হতে হবে এবং নারীদের তথ্য প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রকল্প পরিচালক কবি ফয়সাল শাহ বলেন, তথ্যপ্রযুক্তিতে নারীদেরকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) অন্যতম ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি জুলাই ২০১৩ থেকে জুন ২০১৮ সাল মেয়াদে পাঁচ বছরে বাস্তবায়িত হবে। ৬৪টি জেলায় ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়। তারা আরও বলেন, প্রতিবছর জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুটি ব্যাচে ৪৬ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয়। সর্বনিন্ম এসএসসি পাস ৩০ বছর পর্যন্ত বেকার মহিলা এ কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি মাত্র ১ হাজার টাকা। ইতোমধ্যে ৬৪ টি জেলায় ১০২৭৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্র বিতরণ করা হয়েছে।