News71.com
 Bangladesh
 03 May 16, 10:44 AM
 596           
 0
 03 May 16, 10:44 AM

কুয়েতের প্রধানমন্ত্রীকে ঢাকা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ।।

কুয়েতের প্রধানমন্ত্রীকে ঢাকা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ।।

নিউজ ডেস্কঃ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে । উল্লেখ্য  ৩ দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছেন তিনি । কুয়েতি প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ১টি বিশেষ বিমান বিকেল ৫টা ৯ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫.২২ মিনিটে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের কাছে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর পাশাপাশি ১টি ছোট্ট শিশু তাকে ফুলের তোড়া উপহার দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারককে এরপর বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের নিকটে স্থাপিত সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়।বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১টি সুসজ্জিত দল কুয়েতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে কুয়েতের প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় ২ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরে কুয়েতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকারের মন্ত্রী সভার সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কুয়েতের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ৩ বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজি, ডিপ্লোমেটিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনার পর কুয়েতি প্রধানমন্ত্রীকে ১টি মটর শোভাযাত্রার মাধ্যমে বিমান বন্দর সড়কে হোটেলে মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন ।কুয়েতের প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের ৩ দিনব্যাপী রাষ্ট্রীয় সফরের ২য় দিন আগামী বুধবার বিকেলে তিনি প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন