News71.com
 Bangladesh
 04 May 16, 11:00 AM
 625           
 0
 04 May 16, 11:00 AM

পাবনায় এক ব্যক্তির ৯ টুকরো লাশ উদ্ধার, আটক ১ ।।

পাবনায় এক ব্যক্তির ৯ টুকরো লাশ উদ্ধার, আটক ১ ।।

নিউজ ডেস্কঃ পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার একটি বাসা থেকে সরজ মোল্লা (৩৩) নামে এক ব্যক্তির ৯ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাহেনুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। নিহত সরজ মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার নান্দিয়াপাড়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি গাজী ট্যাংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী করতেন। আটক রাহেনুজ্জামান নিহতের চাচাতো ভাই এবং একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮/১০ দিন আগে সরজ মোল্লা চাকুরীর সুবাদে পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের বাসার নিচতলা ভাড়া নেন। তার সঙ্গে একই কক্ষে থাকতেন তার চাচাতো ভাই রাহেনুজ্জামান। গতকাল সকাল থেকে সরজ মোল্লার কোনো খোঁজ না পেয়ে গাজী ট্যাংক কোম্পানীর পাবনাস্থ কর্মকর্তারা বিষয়টি পাবনা সদর থানা পুলিশকে জানায় এবং সরজের চাচাতো ভাই রাহেনুজ্জামানকে সন্দেহ করার বিষয়টিও বলেন।

পরে গতকাল রাতে রাহেনুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সরজকে হত্যার বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ১১টার দিকে শহরের কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে সরজ মোল্লার ৯ টুকরো মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে রাহেনুজ্জামান বলেছে, গত সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভাড়া বাসার কক্ষে সরজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে সে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন