
নিউজ ডেস্কঃ বিদেশে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে ফোন করে না ধরলে অথবা সেবা না পেলে সেটি ইমেইল বা ফেসবুক ইনবক্সে জানানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাত সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিদেশে বাংলাদেশের কোনো অ্যাম্ব্যাসি বা হাইকমিশনে অফিস সময়ের মধ্যে ফোন করে পাননি বা কাঙ্ক্ষিত সেবা পাননি- এ ধরনের সুনির্দিষ্ট (তারিখ, সেবার ধরন ও সম্ভব হলে যে ব্যক্তির সাথে আপনার কথা হয়েছে তা সহ) অভিযোগ থাকলে তা আমাকে sm@mofa.gov.bd-তে ইমেইল করে বা ইনবক্স-এ ‘এসএমএস’ করে দয়া করে জানাবেন।