
নিউজ ডেস্কঃ আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ময়লার ঝুড়ি বসানোর কাজ শেষ হবে জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেছেন, এরপরও যারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না তাদেরকে আর্থিক জরিমানা করা হবে। পুরান ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
'পরিচ্ছন্ন ঢাকা’ শীর্ষক এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানান তারা।
দক্ষিণ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও নিশ্চিত করেন মেয়র সাঈদ খোকন। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সমস্যাগুলোরও সমাধান করা হবে জানিয়ে নগরবাসীর সহযোগিতা চান মেয়র।