
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ পুনঃবিবেচনা এর আদেশ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। নিজামীর মামলাটি আদেশের জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকার শীর্ষে থাকবে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট সূত্র।
রায়ে রিভিউ আবেদন খারিজ হলে সব আইনি প্রক্রিয়া শেষ হবে। বাকি থাকবে শুধুমাত্র প্রাণভিক্ষার বিষয়টি। তবে রিভিউ আবেদন গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ বাতিল হবে।প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর ৩ সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তার আগে গতকাল মঙ্গলবার রায় পুন:বিবেচনার শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।গত ১০ই এপ্রিল আসামিপক্ষে সময়ের আবেদন করলে আপিল বিভাগ ৩ই মে শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে গত ৩০শে মার্চ রাষ্ট্রপক্ষ নিজামীর রিভিউ আবেদন দ্রুত শুনানির জন্য দিন নির্ধারণের আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার গত ৩ই এপ্রিল বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঠিয়ে দেন।৩ই এপ্রিল বিষয়টি আপিল বিভাগে উত্থাপিত হলে আসামিপক্ষ সময় চায়। পরে আদালত শুনানি ১ সপ্তাহ মুলতবির আদেশ দেন। গত ১০ই এপ্রিল বিষয়টি উত্থাপিত হলে আসামিপক্ষ আবার সময় চায়। পরে আদালত ৩ই মে শুনানির দিন নির্ধারণ করেন।