
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা শহরতলীর ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ইংরেজি বিষয়ের শিক্ষক আহাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সদর উপজেলার নেহালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর ভগ্নিপতি।
মেয়েটির পরিবারের অভিযোগ, গত ২৯ এপ্রিল বিকেলে নোট দেওয়ার নাম করে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ওই শিক্ষক। আজ সকালে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুলে হামলা চালিয়ে ওই শিক্ষককে মারধর করেন।
এ সময় অভিযুক্ত শিক্ষকের শাস্তি চেয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। পরে বাধ্য হয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।