
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী ট্র্যাজেডির ঘটনায় কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পবিরোধী আবদুর রহমান নামে ১ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আবদুর রহমান উপজেলার গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত বসতবাড়ি গোরস্তান রক্ষা সংগ্রাম কমিটির সহসভাপতি।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন গত ৪ই এপ্রিলের ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার মামলায় এজাহারভুক্ত আসামি আবদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ বুধবার দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আবদুর রহমানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বসতবাড়ি গোরস্তান রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ও গণ্ডামারার সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। স্থানীয় বিএনপির এই নেতা বলেন কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখতেই আবদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেয়েকে পে-অর্ডারের মাধ্যমে টাকা পাঠাতে উপজেলা সদরে গিয়েছিলেন।
গত ৪ই এপ্রিল ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করাকে কেন্দ্র করে বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নে পুলিশ ও এলাকাবাসীর ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত হন। এ ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে প্রায় সাড়ে ৫ হাজার গ্রামবাসীকে আসামি করে ২টি হত্যা মামলাসহ ৩টি মামলা করা হয়েছিল।