
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড) ও আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে সুইজারল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়টি নিয়ে আগামি ১০ মে সুইজারল্যান্ডের বাসেলে ত্রিপক্ষীয় এক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
পাশাপাশি চুরির ঘটনায় কার কতটুকু দায়দায়িত্ব তা নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ মনে করে, এ ঘটনায় নিউইয়র্ক ফেড ও সুইফটের দায় রয়েছে। অন্যদিকে সুইফট ও নিউইয়র্ক ফেড একাধিকবার বলেছে যে তাদের কোনো দায় নেই। দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের।
বৈঠকে অংশ নিতে ৮ মে সুইজারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে গভর্নরের। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গভর্নরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ঊর্ধ্বতন কর্মকর্তারাও ওই বৈঠকে অংশ নেবেন।
গত ৪ ফেব্রুয়ারি (প্রকারান্তরে ৫ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার পর নিউইয়র্ক ফেড ও সুইফটের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সুইজারল্যান্ডের ওই বৈঠকটিই হবে প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সভা। আর গত ২০ মার্চ দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ফজলে কবিরের এটাই হবে প্রথম বিদেশ সফর।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, সুইজারল্যান্ডের ওই বৈঠকে অংশ নেবেন নিউইয়র্ক ফেডের সভাপতি বা প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি। তবে সুইফটের পক্ষ থেকে কে ওই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন, তা এখনো নিশ্চিত নয়। রয়টার্স আরও বলেছে, সুইজারল্যান্ডের ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিযুক্ত আইনজীবী আজমালুল হোসেন কিউসিও উপস্থিত থাকবেন।