News71.com
 Bangladesh
 05 May 16, 12:04 PM
 643           
 0
 05 May 16, 12:04 PM

জামাত নেতা নিজামীর রিভিউ খারিজ: মৃত্যুদণ্ডাদেশ বহাল

জামাত নেতা নিজামীর রিভিউ খারিজ: মৃত্যুদণ্ডাদেশ বহাল

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকল।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন।

আদালতের নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার রাজ্জাকের ছেলে এহসান এ সিদ্দিকী। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল।

উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সমন্বয়ক সানাইল হক, মিয়া ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্যসহ প্রায় শতাধিক আইনজীবী এবং শতাধিক সাংবাদিক। এর আগে নিজামীর রিভিউ মামলাটি আদেশের জন্য বৃহস্পতিবারের কার্যতালিকার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক নম্বরে ছিল।

নিয়ম অনুযায়ী, এখন রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকরের ব্যবস্থা করবে। তবে নিজামীর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চায় তাহলে কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকর করবে।

উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাতনেতা নিজামীর করা রিভিউ আবেদনের উপর গত ৩ মে মঙ্গলবার সকাল থেকে খালাস চেয়ে যুক্তি উপস্থাপন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে, মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন। মাঝে আধা ঘণ্টার বিরতি দিয়ে প্রায় আড়াই ঘণ্টা শুনানি শেষে রায়ের জন্য আজ ৫ মে দিন ধার্য করে আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন