
নিউজ ডেস্কঃ নির্বাচনের ঠিক ২ দিন আগে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদে আওয়ামিলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, আজ দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবকে আটক করেছে পুলিশ।
আহত রবিউল বলেছেন, নির্বাচনের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতিপত্র নিতে উপজেলা সদরে যাই। উপজেলা পরিষদ চত্বরে মধ্যে একটি দোকানে বসে চা খাওয়ার সময় ৮/১০ জন যুবক লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করে।
এদিকে, আওয়ামিলীগ মনোনীত প্রার্থী গোলজারে হোসেন ভাড়াটিয়া লোক দিয়ে তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রবিউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোকসেদুল মোমিন বলেন, রবিউলের মাথার জখম গুরুতর।
পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় শোভন নামে এক যুবককে আটক করা হয়েছে ।