News71.com
 Bangladesh
 06 May 16, 07:11 PM
 1398           
 0
 06 May 16, 07:11 PM

ফেসবুক নির্ভর রাজনীতি বন্ধে ছাত্রলীগ সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনের কঠোর নির্দেশনা

ফেসবুক নির্ভর রাজনীতি বন্ধে ছাত্রলীগ সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনের কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন ছাত্রলীগ নেতাকর্মীদের ফেসবুকে অতি প্রচারণায় বিরক্ত হয়ে সম্পতি নিজের ফেসবুকে নির্দেশনামূলক স্ট্যাটাস দিয়েছেন । তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন নিউজ৭১ এর পাঠকদের উদ্দেশ্যে তা হুবহু তুলে ধরা হল । তিনি লিখেছেন:-

‘‘সালাম ও শুভেচ্ছা জানবেন। সম্প্রতি খেয়াল করলাম, আপনাদের অনেকেই আমাকে সাধারণ মানুষের কাতারের একজন না ভেবে অসাধারণ কাতারের মানুষ ভাবতে শুরু করেছেন। যা আমার জন্য বিব্রতকর।

আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি কেবল দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ছাত্রসমাজের সঙ্গে সংযোগরক্ষাকারী সমন্বয়ক মাত্র। সারাদেশের ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে সুস্থ ও স্বাভাবিক শিক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাই আমার কাজ। আমার এই পদটি ক্ষমতার কোন আধার নয়, দায়িত্ব মাত্র।

তাই, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আবেগের আতিশয্যে কোনোভাবেই নিজেদের থেকে আমাকে আলাদা একজন ভাববেন না। সারাজীবন আপনাদেরই একজন হয়ে থাকতে চাই। বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী প্রচার মাধ্যম হিসেবে স্বীকৃত। এখানে ব্যক্তি প্রচারণাকে পরিহার করে আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরুণ এবং ইতিহাসের সত্যাসত্য নিয়ে আলোচনা করুন। তবেই আপনারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে গর্ব করতে পারবেন।

তথ্যপ্রযুক্তি পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। যে মানুষটির বদৌলতে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির এতো অবাধ ব্যবহারের সুযোগ আমরা পেয়েছি আপনারা সেই মেধাবী মানুষ তরুণ প্রজন্মের আপনজন সজীব ওয়াজেদ জয় ভাইকে অনুসরণ করুন।

আমি বিশ্বাস করি আপনারা আমাকে সত্যিকারভাবেই ভালোবাসেন। এজন্যই মনেপ্রাণে চাই এই ভালোবাসার পথচলা নিরন্তর থাকুক, হাস্যস্পদ না হোক। রাজপথকে না ভুলে, ক্লাস-পরীক্ষা ফাঁকি না দিয়ে এবং ফেসবুকে নির্ভর রাজনৈতিক কর্মকাণ্ডে অতিরিক্ত মাত্রায় সম্পৃক্ত না থেকে সত্যিকারের একজন রাজনৈতিক মানুষ হিসেবে আপনারা নিজেদের গড়ে তুলতে পারলে তবেই আমার প্রতি আপনাদের নিষ্কলুষ ভালোবাসার সুবিচার হবে বলে আমি মনে করি।

সবশেষে কবির ভাষায় বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন