
নিউজ ডেস্ক : উচ্চ আদালতের আদেশ অমান্য করে সিএনজিচালিত অনিবন্ধিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে আগামী সোমবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার সড়ক পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা এ ঘোষণা দেন।
সড়ক পরিবহন ধর্মঘটের কারণে ওই দিন যাত্রীবাহী বাস, মিনিবাস, টেম্পো, অটোরিকশা, হিউম্যান হলার, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যান চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
সংবাদ সম্মেলনে আগামী এক মাসের মধ্যে অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়াসহ ছয় দফা দাবি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এক মাসের মধ্যে এসব দাবি না মানলে লাগাতার পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে হুমকি দেওয়া হয়।
মোহাম্মদ মুছা সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্ট গত ২৫ এপ্রিল অনিবন্ধিত অটোরিকশা চলাচলে বাধা না দিতে আদেশ দেন। এ আদেশের অনুলিপি নগর পুলিশ প্রশাসনকে জানানোর পরও চট্টগ্রাম নগরে অনিবন্ধিত অটোরিকশাকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হচ্ছে না। এটা আদালত অবমাননা। তাই নগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার উকিল নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়।