
নিউজ ডেস্কঃ নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল জেলা উপজেলা ও পাড়া-মহল্লায় প্রতিরোধী কমিটি গঠন করবে কেন্দ্রীয় ১৪ দল । গতকাল রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত যৌথ সভায় সূচনা বক্তব্যে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ।
আগামীকাল ৮ই মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষে আয়োজিত এই যৌথ সভার আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, ১৪ দল মাঠে ছিল, মাঠে থাকবে। নাশকতা যারা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ঢাকা শহরের পাড়া-মহল্লায় আমরা সমাবেশ করবো এবং ১৪ দলের নেতৃত্বে প্রতিরোধী কমিটি গড়ে তুলবো। সকল নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে ।
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বেগম খালেদা জিয়ার মিথ্যাচারের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন জয়ের বিরুদ্ধে তিনি যে মিথ্যা অভিযোগ করেছেন, তা তাকে প্রমাণ করতে হবে। সাহস থাকলে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ।
অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়াত দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, আজ যখন পরিস্থিতি স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। উদ্দেশ্য একটাই শেখ হাসিনার সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা ।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নূরুর রহমান সেলিম, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন ।