News71.com
 Bangladesh
 07 May 16, 02:58 PM
 827           
 0
 07 May 16, 02:58 PM

বেসরকা​রি বিশ্ববিদ্যালয় শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে না দেখার আহ্বান স্পিকারের

বেসরকা​রি বিশ্ববিদ্যালয় শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে না দেখার আহ্বান স্পিকারের

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হওয়ার ।

আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ইস্টার্ন ইউনিভার্সিটি ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত ‘দেশের উচ্চ শিক্ষার উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ; চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ উচ্চশিক্ষা নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিরীন শারমিন বলেন, এখন মানসম্মত শিক্ষা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাই কী ধরনের শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা বের হচ্ছেন সেটার ওপর নির্ভর করছে তাঁরা ভবিষ্যতে কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হবেন। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষার দিকে নজর দিতে হবে।

স্পিকার আরও বলেন, বিশ্বের বিভিন্ন জায়গাতেই প্রাইভেট শিক্ষার খরচ বেশি। কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যেন সম্পূর্ণভাবে বাণিজ্যিক না হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে না দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা কম থাকার কথা উল্লেখ করে বলেন, ভাষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মাতৃভাষার ওপর।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, প্রচলিত শিক্ষা আজকের দিনে উপযুক্ত মানুষ তৈরি করে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন অনেক বিষয় পড়ানো হয় যার প্রয়োজন নেই। আবার বহু বিষয় প্রয়োজন যা পড়ানো হয় না। তিনি মানব সম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব ও সহউপাচার্য আব্দুল হান্নান চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন