
নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে তা প্রতিহত করার ঘোষনা দিয়েছেন গণজাগরণ মঞ্চ। সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সংঘবদ্ধভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এদেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। স্বাধীন বাংলাদেশে কোনো হরতাল ডাকার অধিকার এই সংগঠনের নেই ।
তিনি আরও বলেন জামায়াতের আমির যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। হরতালের নামে নাশকতার চেষ্টা করে বা কোনোরকম ষড়যন্ত্র করে এই নরঘাতককে রক্ষা করা যাবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তা হতে দেবে না। নিজামীর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে ।
জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে আগামীকাল সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। সারাদেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ইমরান বলেন, " জামায়াতের ডাকা যুদ্ধাপরাধী রক্ষার হরতাল প্রতিহত করুন। যার যার কাজে যোগদান করুন। জামায়াত-শিবির যেন কোনোরকম নাশকতা চালিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক এবং রাজপথে সোচ্চার থাকতে হবে ।"