News71.com
 Bangladesh
 07 May 16, 08:22 PM
 662           
 0
 07 May 16, 08:22 PM

ফেসবুকে যাত্রীর অভিযোগ আমলে নিয়ে পথচারীর বেশে মন্ত্রীর অভিযান ।। বিআরটিসি কর্মকর্তা বরখাস্ত

ফেসবুকে যাত্রীর অভিযোগ আমলে নিয়ে পথচারীর বেশে মন্ত্রীর অভিযান ।। বিআরটিসি কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্কঃ মন্ত্রীর ফেসবুকে ম্যাসেজে অভিযোগ এলো গতকাল বৃহস্পতিবার কোনো এক সময়ে। তার পরের দিন শুক্রবার রাস্তায় ব্যস্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ব্যস্ততা কোনো আয়োজন করে ছিলো না। আচমকা ছুটে গিয়ে রাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দিতে জিরো টলারেন্স দেখালেন ।

তার পরের দিন অর্থাৎ আজ শনিবার মন্ত্রী ছুটলেন রাজধানীর বিমানবন্দর সড়কের দিকে। সড়ক খাতের বিভিন্ন অনিয়ম ঠেকাতে আচমকা হানা দিতে চাইলেন খোদ সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’রই জোয়ারসাহারা ডিপোতে । আগের দিন কপাল পুড়েছিলো ব্যাটারি অটোরিকশা মালিকদের। আর আজ শনিবার কপাল পুড়লো বিআরটিসি’র ১ কমকর্তার ।

আজ সকাল ৮টার পর মন্ত্রী পৌঁছে যান বিআরটিসি’র জোয়ারসাহারা বাস ডিপোর অদূরে। অভিযোগ ছিলো, বাস নোংরা, ফ্যান চলে না। সিট ভাঙা, বসা যায় না- ইত্যাদি।যাত্রীদের ফেসবুক ম্যাসেজে পাঠিয়ে দেওয়া এ অভিযোগের প্রমাণ পেতে আর বেশি দূর পা বাড়াতে হয়নি মন্ত্রীর। সঙ্গে নিতে হয়নি পুলিশ। ডাকা লাগেনি সরকারি কোনো কর্মকর্তাকে। আয়োজন করে ফুলের মালায় গলায় পরতেও হয়নি ।

সাধারণ ১জন পথচারীর বেশে বিমানবন্দর সড়কের পাশে রাখা সিঙ্গেল ডেকার, ডাবল ডেকার ও আর্টিকুলেটেড ৮টি বাসে একের পর এক উঠে পড়লেন মন্ত্রী।উঠেই তিনি দেখতে পান, যাত্রী নেই, কিন্তু আছে মশার ভাগাড়। তার মধ্যে ৩টি বাসে মশার দীর্ঘদিনের আস্তানা গেড়ে রাখা বলে মনে হচ্ছে- এমন অবস্থা ।

কোটি কোটি টাকার সরকারি সম্পদের এমন অযত্ন আর অবহেলায় পড়ে থাকা দেখতে ডিপো পর্যন্ত আর যেতে হয়নি মন্ত্রীর । যাত্রীর ফেসবুক আর মোবাইল অভিযোগের সত্যতা পেয়ে গেলেন রাস্তার পাশে রাখা ৮টি বাসে উঠেই ।সিট ভাঙা, নোংরা, ফ্যান নেই, কোনোটি চলে না, ছাল-বাকল উঠে গিয়ে অযত্ন-অবহেলার সব নমুনা বিআরটিসি বাসে প্রত্যক্ষ করলেন মন্ত্রী ।

এ অবস্থা দেখে আর দেরি করেননি তিনি। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার এ আচমকা অভিযানের মধ্যেই জোয়ারসাহারা বাস ডিপোর ম্যানেজার নায়েব আলীকে সাময়িক বরখাস্ত করে দিয়েছেন মন্ত্রী। বাসগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নায়েব আলী অবহেলার দায়েই বরখাস্ত হন ।

ওবায়দুল কাদেরের একান্ত সূত্র বলেন ফেসবুকে বৃহস্পতিবার বিআরটিসি বাসে নানা অনিয়মের বেশ কিছু অভিযোগ পান তিনি। এছাড়াও টেলিফোনে অনেকে অভিযোগ করেছিলেন। তারপর অ্যাকশনে নেমে যান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন