
নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন কোথাও কোনো সমস্যা বা অভিযোগ থাকলে ছবি তুলে অ্যাপে দিয়ে দিলেই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে । গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে নিরাপদ পথখাবারের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মেয়র আনিসুল হক জানান, আগামী ২৫ মের মধ্যে আসছে নতুন মোবাইল অ্যাপ। এর মাধ্যমে এক ক্লিকে ছবি তুলে তা অ্যাপে দিয়ে দিলেই উত্তর সিটি কর্পোরেশনের নজরে আসবে। নাগরিকদের জানানো সমস্যার সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যা বা অভিযোগ থাকলে ছবি তুলে অ্যাপে দিয়ে দিলেই হবে। কারো নাম-ঠিকানা লাগবে না। আমরা সেই ছবি ট্র্যাক করে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব। তাছাড়া হকারদের জন্য আমরা কাজ করছি। আগামী চার সপ্তাহ বা একমাসের মধ্যে হকারদের পুনর্বাসনের জন্য মিরপুর-১০ নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের মাঠে হলিডে মার্কেট করা হবে।
ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, ঢাকা শহরকে বদলানোর দায়িত্ব নিয়ে ঠিক এক বছর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম। এতো ছোট শহরে ১২ মিলিয়ন লোক বাস করেন। সুতরাং এর সমস্যাও বেশি। আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। তারপরও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই এক বছরে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। তারই পদক্ষেপ হিসেবে পথ খাবার বিক্রির গাড়ি হস্তান্তর করা হচ্ছে।