
পাথরঘাটা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় দেশীয় অস্ত্রসহ জলদস্যু সিরাজকে আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ। পুলিশ সিরাজের নিকট থেকে একটি রামদা এবং ১টি স্যানা উদ্ধার করেছে। জলদস্যু সিরাজ কবির বাহিনীর ক্যাশিয়ার।
শনিবার সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল বাজারের নিকট থেকে তাকে আটক করা হয়েছে।সিরাজ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ফতেপুর গ্রামের হাসেম মাওলানার পুত্র।সুন্দরবনের জলদস্যু কবির বাহিনীর সাথে যোগ দেয়ার পর পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে হাসেম আলী খার মেয়েকে বিবাহ করে আত্মগোপনে ছিলেন বলে জানাযায়। পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সিরাজ তাদের তালিকা ভুক্ত জলদস্যু।গত ৩ বছর আগে সাগরে ডাকাতি করতে গিয়ে র্যাবের হাতে অস্ত্রসহ ধরা পরে ১৮ মাস জেল খেটে জামিনে বের হয়ে এতো দিন সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে এবং অপহৃত জেলেদের মুক্তি পনের জন্য ট্রলার মালিকদের কাছ থেকে টাকা আদায় করছিল। পরে কিছু দিন ধরে সাগরে পুলিশ, র্যাব ও কোষ্টগার্ড জলদস্যু নিধনে যৌথ অভিযান চালালে এসব দস্যুরা এলাকায় অবস্থান করে। শনিবার জেলেরা সিরাজকে এলাকায় দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। সিরাজ পুলিশের কাছে তার ডাকাতির কথা স্বীকার করেছে এবং তার সাথে আরও ৪ জন সহযোগী ছিল বলে পুলিশ জানিয়েছেন।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা জানান, সিরাজ সাগরের জলদস্যু কবির বাহিনীর ক্যাশিয়ার। সামনে ইলিশ মৌসুম একারণে তার লোকজন নিয়ে সে এলাকায় আসে ট্রলার মালিকদের সাগরে দস্যুপাশ দেয়ার জন্য।এসময় জেলেরা সিরাজকে দেখে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।