News71.com
 Bangladesh
 10 May 16, 12:14 PM
 642           
 0
 10 May 16, 12:14 PM

নিউজপ্রিন্ট শুল্কমুক্ত করার দাবি।। সংবাদপত্র মালিক সমিতি

নিউজপ্রিন্ট শুল্কমুক্ত করার দাবি।। সংবাদপত্র মালিক সমিতি

নিউজ ডেস্ক: সংবাদপত্রশিল্পে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক মওকুফ এবং আমদানি পর্যায়ে এর ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় নোয়াব নেতারা এ দাবির পাশাপাশি সংবাদপত্রশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

প্রতিবেশী দেশ ভারতে সংবাদপত্রে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টে কোনো শুল্ক নেই। আবার শ্রীলঙ্কায় আছে নামমাত্র শুল্ক মাত্র আড়াই শতাংশ। তাহলে আমাদের দেশে এই বর্ধিত করারোপের কী যুক্তি থাকতে পারে? কোনো কোনো মহল থেকে দেশীয় শিল্প রক্ষার কথা বলা হলেও দেশে উৎপাদিত নিউজপ্রিন্ট মানসম্মত নয়। সে ক্ষেত্রে দেশীয় শিল্প রক্ষার দোহাই শুধু অযৌক্তিক নয়, হাস্যকরও বটে, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতারা এসব তুলে ধরেন।

এছাড়াও বর্তমানে বাংলাদেশের সংবাদপত্রশিল্প নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে চলেছে। চলমান বাজারে ২৪ পৃষ্ঠার একটি সংবাদপত্র মুদ্রণে ১৮ থেকে ২০ টাকা ব্যয় হলেও বিক্রি হয় মাত্র ১০ টাকায়। কমিশন বাদ দিয়ে পাওয়া যায় সাড়ে ছয় টাকার মতো। যার ফলে শুধু বিজ্ঞাপনের ওপরই সংবাদপত্রকে অধিক নির্ভর করতে হয়। কিন্তু এই বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রেও রয়েছে নানা ধরনের চাপ। সরকার যখন সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা মতে আশা করা হয়েছিল যে এর সমস্যাগুলো দূর করতেও তারা সচেষ্ট থাকবে। কিন্তু প্রতিবছর বাজেট এলেই দুর্বল এই শিল্পটির ওপর নানা করারোপের তৎপরতা লক্ষ করা যায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোয়াব আমদানি করা নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক ও মূসক প্রত্যাহারে যে দাবি জানিয়েছে, তা কেবল যৌক্তিক নয়, সংবাদপত্রশিল্পের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্যও। সংবাদপত্রশিল্প বিকশিত হলে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর কর আরোপ করে সরকার যে পরিমাণ অর্থ পাবে আশা করছে, তার চেয়ে অনেক অনেক বেশি রাজস্ব এই শিল্প থেকে তার তহবিলে জমা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন