
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ব্যবসায়ী রমজান আলীকে হত্যা ও তার বাড়িতে ডাকাতির মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বিকেলে ময়মনসিংহের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-উপজেলার শাকুয়াই ইউনিয়নের আখরাইল গ্রামের নাসিরুল হক, আব্দুল আওয়াল মেম্বার, গণ্ডখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবীর, আব্দুল বাতেন, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম এবং পলাতক জিয়াউদ্দিন ওরফে জিদ্দি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে ২০০৩ সনের ২৩ই সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে ত্রিশাল উপজেলার আকরাইল গ্রামের ব্যবসায়ী রমজান আলীর বাড়িতে ১দল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে রমজানকে কুপিয়ে হত্যা করে। পরে রমজান আলীর ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে ত্রিশাল থানায় ১০ জনকে আসামি করে হত্যা ও ডাকাতির ১টি মামলা করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিকেলে ওই মামলার রায় ঘোষণা করে আদালত। বিচারকাজ চলাকালে ২ আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।