
নিউজ ডেস্ক: ছয় দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ একোনিট। গতকাল মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, রিয়ার এডমিরাল আখতার হাবীব, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি তাকে স্বাগত জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও ডিফেন্স অ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছুলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ তাকে অভ্যর্থনা জানায়।
শুভেচ্ছা সফরে আগত ফ্রান্স নৌবাহিনীর জাহাজটিতে মোট ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক রয়েছেন।
১২৫ মিটার দৈর্ঘ্যরে জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট। জাহাজটির চট্টগ্রামে অবস্থানকালে ফ্রান্সের ভারত মহাসাগরবিষয়ক ইনচার্জ, রিয়ার এডমিরাল এনটনি ব্যুসেন্ট জাহাজের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলসহ অন্য নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ১৬ মে তিনি ঢাকায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং পিএসও, এএফডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ত্যাগকালে বানৌজা বঙ্গবন্ধু ও বানৌজা স্বাধীনতা এর সাথে একটি যৌথ সমুদ্র মহড়ায় অংশ নেবে।
চট্টগ্রাম নৌ-অঞ্চলে অবস্থানকালীন সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা ‘বাংলাদেশ নেভাল একাডেমি’, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘বিএন আশার আলো’, নৌবাহিনীর সমর কৌশলবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ ও বানৌজা শহীদ মোয়াজ্জমসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
শুভেচ্ছা সফর শেষে ১৫ মে ফ্রান্সের জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।