
নিউজ ডেস্ক: সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণখেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জুন দিন ধার্য করেছে আদালত। বুধবার বিবাদী পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান এ দিন ধার্য করেন।
আজ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার বাদী আদালতে সাক্ষী দেয়ার জন্য উপস্থিত হন। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেছেন বলে আদালতে সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জুন দিন ধার্য করে।
আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
গত ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরবর্তীতে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বার বার কালক্ষেপণ করতে থাকেন।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেয়া হলেও তারা কোনো ঋণ পরিশোধ করেননি। ফলে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
২০১৬ সালের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করে আদালত।