
নিউজ ডেস্ক: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারকে মারধরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন ও উপজেলার চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার সকাল ১১ টায় খায়রুল বশার তপন ও জসিম উদ্দিন ফেনীর দ্রুতবিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজাতে পাঠানো নির্দেশ দেন। একই সঙ্গে গ্রেফতার অপর ছয় আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।
উল্লেখ্য, শুক্রবার পরশুরাম থানার চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে পরশুরামের ইউএনও এইচএম রকিব হায়দারকে মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় ওই দিনই ইউএনওর গাড়ির চালক আবুল কশেম বাদী হয়ে সাতজনের নামসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।