
নিউজ ডেস্কঃ নারী ও শিশুর প্রতি কোনো ধরনেরই শ্লীলতাহানি ও সহিংসতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। নারীবান্ধব পুলিশ প্রশাসন সংগঠন, নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁও থানা কমপ্লেক্সে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের একটি মিলনায়তনে তিনি একথা জানান। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০-এর বাস্তবায়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত কার্যক্রম বিষয়ক এ কর্মশালায় ঢাকা মহানগরের ৪৯টি থানার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, লিঙ্গ বৈষম্য, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতা ক্রমশ বাড়ছে। অন্য মামলাগুলো যেভাবে করা হয়, নারী ও শিশু নির্যাতনের মামলাকে সেভাবে দেখলে চলবে না। ধর্ষণের শিকার নারীর দিকে পুরুষতান্ত্রিক মনোভাব থেকে আঙ্গুল তোলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে শতকরা পাঁচ ভাগের কারণ জানা যায়, বাকিটা জানা যায় না। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনকে গতানুগতিক কাজের বাইরে গিয়ে নিয়মিত ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করতে বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, পুলিশ প্রশাসন এবং নারী আন্দোলনের সংগঠন মহিলা পরিষদ ‘দুটি হাত’। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ দুটি হাতকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
এরপর উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমীন জানান, বর্তমানে তার বিভাগ ১২২টি মামলা পরিচালনা করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে যৌতুকের দাবিতে মারধরের মামলা করা হয়। এদিকে মামলা করলে আবার ওই নারীর সংসারও টিকছে না। আবার সংসার টেকানো জন্য অনেকে মামলা আপস করে ফেলছেন। অনেক ক্ষেত্রে মামলা চললেও তা প্রমাণ করাও সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মামলা করা হলে অপরাধীর সাজাও হবে আর পরিবার টিকিয়ে রাখা সম্ভব হবে।