
নিউজ ডেস্কঃ ৫ ও ১০ বছর, উভয় মেয়াদের ব্যবস্থা রেখে পাসপোর্টের পাতা, মেয়াদ ও ফি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০ বছরের পাসপোর্টের জন্য সাধারণ ফি মাত্র চার হাজার টাকা এবং আর্জেন্ট ফি মাত্র সাত হাজার টাকা করার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় এই ফি যথাক্রমে সাড়ে পাঁচ হাজার টাকা আর ১১ হাজার টাকা নির্ধারণের মতামত দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানোর জন্য তৈরি করা এক সংক্ষেপে বলা হয়, বর্তমান পারিপার্শ্বিক অবস্থানের পরিপ্রেক্ষিতে পাসপোর্টের ক্রমবর্ধমান চাহিদা ও পাসপোর্টসেবা কার্যক্রম সহজতর ও যুগোপযোগী করার লক্ষে পাসপোর্টের মেয়াদ ও পাতার সংখ্যা বাড়ানো এবং এ-সংক্রান্ত পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
পাসপোর্ট রুল ১৯৭৪-এর ৫৯১-০ অনুচ্ছেদ অনুযায়ী পাসপোর্টের মেয়াদের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে পাসপোর্টের মেয়াদ ও নবায়ন উভয় ক্ষেত্রেই ৫ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ ১০ বছর করতে হলে বিধি সংশোধন করা প্রয়োজন।
পাসপোর্ট অধিদপ্তর জানায়, বর্তমানে দেশে দুই ধরনের পাসপোর্ট প্রদান করা হয়। এর একটি হলো জরুরি, অন্যটি সাধারণ। প্রতিটি পাসপোর্ট বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৪৮। জরুরি পাসপোর্টের বর্তমান ফি ছয় হাজার টাকা, এর সঙ্গে ভ্যাট দিতে হয় ৯০০ টাকা। সাধারণ পাসপোর্টের ফি এর অর্ধেক। এ ছাড়া যেকোনো ধরনের পরিবর্তন সংশোধনের জন্য ৩০০ টাকা করে ফি দিতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বাংলাদেশি শ্রমিক-অধ্যুষিত দেশগুলোর দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের চাকরির ধারাবাহিকতা রক্ষার জন্য অবিলম্বে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।