
নিউজ ডেস্কঃ একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় তার প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত দেভরিম অযতুর্ককে সরিয়ে নিয়েছে তুরস্ক। আজ সকালে দেগরিন ঢাকা ছেড়ে গেছেন বলেও একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। যদিও পররাষ্ট্র সচিব শহীদুল হক রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার কোনও খবর তাদের কাছে নেই বলে জানিয়েছেন । তবে দেভরিম একটি ই-মেইল বার্তায় আগেই বলেছিলেন ১২ই মে তিনি ঢাকা ছাড়ছেন।
এদিকে দায়িত্বশীল সূত্রটি নিশ্চিত করেছে, আজ সকালেই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন রাষ্ট্রদূত। তার অবর্তমানে দূতাবাসের কে দায়িত্বে থাকবেন সে ব্যাপারে কোনও তথ্যই তিনি জানিয়ে যাননি। এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে খবরটি প্রথম প্রকাশিত হয়।
সংবাদে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেই একটি বক্তৃতায় এই প্রত্যাহারের ঘোষণা দেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নিজামীর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রাখতে পারেনি মিডিয়ায় এমন খবরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর। পরে পাবনার সাঁথিয়ায় তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, হত্যাসহ বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই দণ্ড বহাল রাখে।