
নিউজ ডেস্কঃ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) অধ্যায়নরত শিক্ষার্থী, মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী বেকার ও পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকরা পাঁচদফা দাবিতে আগামী ১৬ই মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। চিকিৎসকগণ বলেছেন, সারাদেশেও একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সরকারকে তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ১৬ই মে-সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেইসঙ্গে সারাদেশে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা তাদের নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি পালন করবেন।
দাবিগুলো হলো- উচ্চশিক্ষার ব্যবস্থা করা। কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদফতর, পরিদফতর, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি এবং পদায়ন। উপসহকারী মেডিকেল কর্মকর্তাদের বেতন-ভাতাসহ পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। ইন্টার্নি শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন এবং ভাতা ব্যবস্থা। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁচদফা দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নাজমুল হোসেন, সদস্য সচিব মো. মুরাদ হোসেন এবং শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. মিঠুন সরকার।