
নিউজ ডেস্ক: কারাবন্দি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আদালত এলাকায় এক অবস্থান কর্মসূচি শেষে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মাধ্যমে দেয়া এই স্মারক লিপিটি প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক, ডিআইজি , চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে , ছাত্রলীগের ভাবমূর্তি বিনাশে সারা দেশের মতো চট্টগ্রামেও সার্বক্ষণিক সচেষ্ট একটি মহল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা, তারুণ্যের প্রতিভূ নূরুল আজিম রণিকে একটি অশুভ শক্তি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সুপরিকল্পিত ষড়যন্ত্রের ছক এঁকে এক বছরের দণ্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ সিলেট থেকে এসে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অনুষদে ভর্তি হয়। শুরুতে তিনি জামায়াত অধ্যুষিত শাহ আমানত হলে ওঠেন। চবির তৎকালীন ছাত্রলীগ নেতারা তাকে শিবিরের দায়িত্বশীল হিসেবেই চিনত। তিনি ২০০৬ সাল পর্যন্ত চবির ছাত্র ছিলেন। একইভাবে হাটহাজারী থানার কর্মকর্তা ইসমাইল চবিতে পড়াশোনাকালীন ক্যাম্পাসের ত্রাস জামাত শিবিরের হামিদ গ্রুপের সক্রিয় সদস্য ছিল। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য মনোনিত হন।
চট্টগ্রামে জামায়াতের দুর্গ খ্যাত ফটিকছড়ির ভুজপুর থানা ও সাতকানিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে স্বাধীনতাবিরোধীদের সক্রিয় সহযোগী হিসেবে তিনি পরিচিতি পান। ভুজপুরে সংঘটিত হেফাজতের নারকীয় তাণ্ডবের ঘটনা তার সময়েই হয়েছিল। তার বিতর্কিত ভূমিকার কারণে সেদিন শতাধিক ছাত্রলীগ, যুবলীগকর্মীর প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা ঘটে। তার আপন চাচাত ভাই কুমিল্লার দেবিদ্বার থানা জামায়াতের আমির। সুতরাং, রনির ঘটনাটি বিতর্কিত ম্যাজিস্ট্রেট ও ওসির ছাত্রলীগের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্তেরই অংশ।
রণির প্রসঙ্গে স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৩৩ বছর জামায়াত-শিবিরের হাতে জিম্মি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ মুক্ত করতে অদম্য সাহসের পরিচয় দেওয়া, অতিরিক্ত ভর্তি ফি বিরোধী আন্দোলন, লালদীঘি মাঠ সংরক্ষণ আন্দোলন, ছাত্রদের বেতন বৃদ্ধির বিরোধিতার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা ও উদ্যোগের কারণেই জামায়াত-শিবিরসহ আওয়ামী বিরোধী একটি শক্তির মাথাব্যথার কারণ হয়েছিলরণি। তাই নির্বাচনী ঘটনার সুযোগ নিয়ে জামায়াত, বিএনপির আদর্শের ধারক, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা এজেন্টদের মাধ্যমে রণিকে গ্রেফতার ও সাজা প্রদানের ঘৃণ্য ঘটনাটি ঘটানো হয়েছে।
নেত্রীকে উদ্দেশ্য করে স্মারকলিপিতে বলা হয়, প্রিয় নেত্রী আপনি আমাদের আশা, ভরসা, আশ্রয়। আমরা আপনার ভাই, সন্তানতুল্য। তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংসের এ ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে, একজন সৎ সাহসী ও মেধাবী তরুণের জীবনের কলঙ্কের কালিমা এঁকে দিতে তৎপর ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ তদন্তের ব্যবস্থা গ্রহণ এবং আপনার সংগঠনের একজন নিবেদিত প্রাণ কর্মীর মুক্তির বিষয়ে দ্রুত, আশু হস্তক্ষেপ বিনয়ের সাথে প্রত্যাশা করছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মনসুর, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, নগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, সদস্য কফিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী, আরশেদুল আলম বাচ্চু, শিবু প্রসাদ চৌধুরী, আবু নাছের চৌধুরী আজাদ, হাবিবুর রহমান তারেক, আজিজুর রহমান আজিজ, মো. ইলিয়াছ উদ্দিন, আবদুর রহিম জিল্লু,আলী রেজা পিন্টু, মোরশেদুল আলম রাসেল, শওকত আলম, নাজমুস সাকিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হাসান জজ, নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, রুমেল বড়ুয়া রাহুল, নাজমুল হাসান রনি, জযনাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, নাঈম রনি, শাহীন মোল্লা, সৌমেন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, সুজন বর্মণ, গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য আকতার হোসেন সৌরভ, আরিফুল ইসলাম, ফয়সাল বিন নিজাম, তপু বড়ুয়া, দীপংকর সৌম্য শান্তু, শাহাদাত হোসেন বুলু, মিনহাজুল আবেদীন সানি, আবু তারেক রনি, উপ সম্পাদক আশরাফ উদ্দিন টিটু, এমএ হালিম মিতু, মিজানুর রহমান মিজান, এমআর হৃদয়, আরজু ইসলাম বাবু, এহসানুল কবির ববি, সহ-সম্পাদক নাদিম উদ্দিন, কায়সার মাহমুদ রাজু প্রমুখ।