News71.com
 Bangladesh
 13 May 16, 11:28 PM
 568           
 0
 13 May 16, 11:28 PM

কেমিক্যাল ছিটিয়ে আম পাকাতে গিয়ে ধরা পড়া ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

কেমিক্যাল ছিটিয়ে আম পাকাতে গিয়ে ধরা পড়া ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

নিউজ ডেস্ক: ক্ষতিকারক কেমিক্যাল ছিটিয়ে কৃত্রিমভাবে আম পাকানোর সময় আজ শুক্রবার সকালে দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত এই দুই ব্যবসায়ী হলেন আব্দুল মতিন ও মিঠুন আলী।

জানাগেছে, সম্প্রতি ব্রজপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মতিন ও মিঠুন আলী গ্রামের মোসলেম উদ্দিনের একটি আম বাগান কিনে নেন। কৃত্রিমভাবে আম পাকানোর উদ্দেশ্যে সকালে তাঁরা ওই বাগানে ক্ষতিকর রাসায়নিক (ক্যালসিয়াম কারবাইড) ছিটাচ্ছিলেন। ঘটনাটি দেখতে পেয়ে এলাকার লোকজন ক্ষতিকর ওই রাসায়নিক পদার্থসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করেন। খবর পেয়ে বাগাতিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম খন্দকার ফরহাদ আহম্মদ ওই বাগানে উপস্থিত হয়ে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। তবে ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান। এ সময় রাসায়নিক ছিটানো আম গাছ থেকে পেড়ে নষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মদ জানান, এলাকাবাসীর সচেতনতার কারণে বিষ মেশানো আম খাওয়া থেকে অনেক মানুষ রক্ষা পেয়েছে। ব্যবসায়ীদের দেওয়া দণ্ডের খবরে অসৎ ব্যবসায়ীরা সতর্ক হবেন বলে তিনি আশা করেন। বাগাতিপাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা বাবুল আক্তার জানান, সরকার ১৫ মে তারিখের আগে সব ধরনের আম সংগ্রহ করা নিষিদ্ধ করেছেন। কারণ এ সময়ের আগে আম পাকবে না। ব্রজপুর গ্রামের দুই আম ব্যবসায়ী অধিক মুনাফার আশায় এই সময়ের আগেই আম বাজারে নেওয়ার জন্য কৃত্রিমভাবে আম পাকানোর জন্য রাসায়নিক ছিটাচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন