News71.com
 Bangladesh
 13 May 16, 11:38 PM
 734           
 0
 13 May 16, 11:38 PM

বহুজাতিক সংস্কৃতি চর্চায় রাষ্ট্র সমৃদ্ধশালী হয়।। মানবাধিকার কর্মী খুশি কবির

বহুজাতিক সংস্কৃতি চর্চায় রাষ্ট্র সমৃদ্ধশালী হয়।। মানবাধিকার কর্মী খুশি কবির

নিউজ ডেস্কঃ বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ‘নিজেরা করি’র আহ্বায়ক খুশি কবির বলেছেন, একটি রাষ্ট্র বা একটি ভূখণ্ড অনেক বেশি সমৃদ্ধশালী হবে, যদি সেখানে বহুজাতিক, বহুসংস্কৃতিক, বহুচিন্তা চর্চার সুযোগ থাকে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অশোক কুমার দেওয়ান রচিত দুই খণ্ডের বই ‘চাকমা জাতির ইতিহাস বিচার’ গ্রন্থের আলোকে বর্তমান প্রেক্ষাপটে বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রিসিলা রাজ রচিত ‘চাকমা জাতির ইতিহাস বিচার এবং অশোক কুমার দেওয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন খুশি কবির। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘চাকমা জাতির ইতিহাস বিচার এবং অশোক কুমার দেওয়ান’ বইটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুশি কবির বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন বইয়ের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অধিক গুরুত্বপূর্ণ। গ্রন্থটি রচনার সূত্র ধরে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতির ইতিহাস নিয়েও এমন গবেষণাধর্মী বই রচনায় অনেকে আগ্রহ প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের মূল আলোচক অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা বলেন, বইটিতে চাকমাকে উপজাতি উল্লেখ না করে জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বহুজাতিক বাংলাদেশে এই ধারণাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বর্তমান প্রজম্মকে বইটি অনেক সাহায্য করবে। যদিও এই ভুল ধারণা ভাঙার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। কিন্তু এখনো আমাদের সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

গ্রন্থটির লেখক প্রিসিলা রাজ বলেন, অশোক বাবু পেশায় শিক্ষক ছিলেন। কিন্তু তার নেশা ছিল ঐতিহাসিক বিষয় পর্যবেক্ষণ করে গবেষণা করা। তার এই গবেষকমনন দৃষ্টিভঙ্গির বইটি লিখতে আমাকে অনুপ্রাণিত করে।

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, উন্নয়ন সংগঠক তন্দ্রা চাকমা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন