
নিউজ ডেস্কঃ শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন অতিরিক্ত রোজগারের চিন্তা বন্ধ করে ক্লাসে মনযোগী হউন। কোনোভাবেই কোচিং বাণিজ্য চলবে না । এসময় তিনি ভবিষ্যতে বাংলাদেশে শিক্ষকের বেতন একলাখ টাকা করা হবে হলেও জানান। মন্ত্রী আজ বাংলা একাডেমিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শিক্ষামন্ত্রী বলেন প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে কথা বলে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রয়জনমত অতিরিক্ত ক্লাস নেন। আধুনিক বাংলাদেশ গড়ার নির্মাতা আপনারা। সে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের বেতন দ্বিগুণ করেছে । ভবিষ্যতে তা লাখ টাকায় উন্নীত হবে ।
আলোচনা সভায় বিভিন্ন কলেজের প্রায় ৫৩৫ জন অধ্যক্ষ অংশ নেন। অধ্যক্ষরা তাদের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, অসঙ্গতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন ।
জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র পরিচালন দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বাংলা একাডেমির সাহিত্যবিশারদ আবদুল করিম মিলনায়তনের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষরা ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
সভায় শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেন আগামি ২০১৮ সালের জুন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করা হবে। সেই লক্ষ্যে ২ বছর মেয়াদী ক্রাশ প্রোগ্রাম অব্যাহত আছে। গত ২০১৩ সালে যারা ভর্তি হয়েছে, তাদের নির্ধারিত সময়ের চেয়ে ১দিনও বেশি লাগবে না। ২ বছর পর ক্রাশ প্রোগ্রামের প্রয়োজনও পড়বে না। এ সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ।