
জাবি প্রতিনিধি: ১৫ থেকে ২০ মে থাইলান্ডে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এ প্রতিনিধি দলের সদস্যগণ হলেন নিলয় দত্ত (আইআইটি, ৪১তম আবর্তন), রাইহাত জামান নিলয় (সিএসই, ৪১তম আবর্তন) এবং নাফিস সাদিক (আইআইটি, ৪১তম আবর্তন)। কোচ এবং কো-কোচ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়র আইআইটির ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী এবং প্রাক্তন ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের ‘ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি’তে অনুষ্ঠিত জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৫-এর ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ অর্ডার অব এন-কিউব’ দল। এ দলের সদস্যরা ছিলেন সাদিক মো. নাফিস, রাইহাত জামান ও নিলয় দত্ত। ২০১৫ সালের ১৪ নভেম্বর রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১২১টি দল। প্রতি দলে ছিলেন তিনজন করে সদস্য।
টানা পাঁচ ঘণ্টার এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের ১০টি করে প্রোগ্রামিং সমস্যা দেওয়া হয় সমাধানের জন্য। চ্যাম্পিয়ন দলটি সাতটি সমস্যার সমাধান করে। ছয়টি ও পাঁচটি সমাধান দিয়ে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডাউন টু দ্য ওয়ার’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ বাগলাভার্স’ দল। তারই ধারাবাহিকতায় শীর্ষ দুটি দল চলতি বছরের মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইসিপিসির চ’ড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।
ঢাকা পর্বের প্রতিযোগিতায় শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ এসি ড্রাগন’, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট রন জিরো’, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টাইম পেনাল্টি ম্যাটার্স’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ এসএমএস’, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট ‘আর্টিলারেস’ ও ‘লাইটস্যাবার’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ ব্যাকবেঞ্চারস’।