
নিউজ ডেস্কঃ জেলার রামগতি উপজেলায় অভিযান চালিয়ে একটি জলদস্যু বাহিনীর প্রধানসহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ভোররাতে উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরগজারিয়া এলাকার প্রয়াত আনিছুল হকের ছেলে অজিউল্যাহ ও একই উপজেলার চরআফজালগ্রামের প্রয়াত জামাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন।
পুলিশের দাবি, অজিউল্যাহ একটি জলদস্যু বাহিনীর প্রধান এবং নিজাম তার সহযোগী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি এলজিসহ কয়েকটি রামদা উদ্ধার করা হয়েছে বলেছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বড়খেরী এলাকায় জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।আজ ভোররাতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বাহিনীর প্রধান অজিউল্যাহ ও তার সহযোগী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।
তিনি বলেন, গ্রেফতার অজিউল্যাহ জলদুস্যু বাহিনীর প্রধান এবং নিজাম তার সহযোগী। অজিউল্যাহর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে।