
নিউজ ডেস্কঃ প্রতি বছরই রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। আর তা বরাবরই নিয়ন্ত্রণে ব্যর্থ হয় দেশে সরকারী একমাত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু এবার রমজানে বাজার নিয়ন্ত্রণে পন্য মানুষের হাতের নাগালে পৌছে দিয়ে দম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এবার দেশের প্রত্যেকটি জেলা শহরসহ সারাদেশে রমজানে ১৭৪টি ট্রাকে করে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে টিসিবি। সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটির কর্মকর্তা জানান , ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে। তিন হাজার ৫৪ জন ডিলারের মাধ্যমে সারা দেশে যুগপৎভাবে পণ্য বিক্রি করবে টিসিবি।
সরকারি একটি নথি থেকে দেখা যায়, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা ও খেঁজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।
টিসিবির একটি সূত্রমতে, রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নির্ধারণ করা হবে।
পণ্য বিক্রির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক কর্মকর্তা বলেন, বিগত বছরগুলোর মতো, রমজানের সময় বাজার স্বাভাবিক রাখতে আমরা এটা করছি। আমরা আশা করছি, এটা (বাজার স্বাভাবিক রাখা) সম্ভব হবে।