
নিউজ ডেস্কঃ রাতে ঘুমানোর সময় কোনো অফার মেসেজ না পাঠাতে মোবাইল অপারেটরদের অনুরোধ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ জন্য তিনি রাত ১২টার পর থেকে ভোরের আজান পর্যন্ত সময়ে মেসেজ না দেওয়ার অনুরোধ জানান। রাতে ঘুমানোর পর মোবাইল অপারেটরদের মেসেজের কারণে গ্রাহকদের ঘুম ভাঙার অভিযোগের কারণে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
আগামী ১ জুলাই থেকে এ নির্দেশনা চালু হবে। কলড্রপ কী পরিমাণ হচ্ছে বা এ সংক্রান্ত বিষয়াদি দেখভাল করার জন্য বিটিআরসি একটি টিম গঠন করবে বলেও জানান তিনি।
রিম/ সিম পুনর্নিবন্ধন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ৩১শে মের পর রিম-সিম আর রি-ভেরিফিকেশন হবে না। অনিবন্ধিত সিম ৩১ মে-র পর ২ মাস পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ওই গ্রাহক যদি ওই সিম নিবন্ধন করতে চান, তাহলে ওই গ্রাহককে অগ্রাধিকার দেওয়া হবে। এ পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন হয়েছে বলেও জানান তারানা হালিম।
মোবাইল অপারেটরদের টাওয়ারের দ্বারা যদি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হতে হয়, তবে সেই টাওয়ার থাকবে না বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তা ছাড়া ইন্টারনেটের দাম কমানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।