
নিউজ ডেস্কঃ নেত্রকোণার আটপাড়ার উপজেলায় ১টি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোয়েন্দা পুলিশের ডিবি কনস্টেবল মাহবুব আলম নিহত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে নেত্রকোণা-মদন সড়কে উপজেলার কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত অপর কনস্টেবল খোরশেদ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিহত মাহবুবের বাড়ি গাজীপুর জেলায়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।