News71.com
 Bangladesh
 16 May 16, 02:26 PM
 551           
 0
 16 May 16, 02:26 PM

নতুন কমানো বাসভাড়া ২০ মে থেকে কার্যকর হবে।। সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের

নতুন কমানো বাসভাড়া ২০ মে থেকে কার্যকর হবে।। সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামি ২০ মে থেকে নতুন কমানো বাসভাড়া কার্যকর হবে । ইতিপূর্বেই এই বাসভাড়া কার্যকর করার কথা থাকলেও বাসমালিক সমিতির অনুরোধে ডিজেল চালিত পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করার জন্য চারদিন সময় বাড়ানো হয়েছে। কিন্ত আগামী ২০ মে থেকে তা কঠোরভাবে কার্যকর করা হবে । সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বিষয়ে পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি বাসমালিকদের হুঁশিয়ার করে দেন। মন্ত্রী বলেন, প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমানো হয়েছে। গতকাল থেকে এটা কার্যকর করার কথা ছিল। কিন্তু বিভিন্ন পরিবহন মালিকদের অনুরোধে আগামী ২০ মে থেকে কার্যকর করবে তারা। পাশাপাশি মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করবে। এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এতে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছিল সরকার। জ্বালানি তেলের এই মূল্য কমানোর ফলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের ভিত্তিতে গত ৩ মে ডিজেলে চালিত দূরপাল্লার পরিবহনের ভাড়া ৩ পয়সা কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা এবং চট্টগ্রাম মহানগরী ব্যতীত আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে পরিচালিত ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হলো। যা ১৫ই মে থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন