News71.com
 Bangladesh
 16 May 16, 02:44 PM
 512           
 0
 16 May 16, 02:44 PM

আগামি জুলাই থেকে রপ্তানী আয়ের ০.০৩% শ্রমিক কল্যাণে কেন্দ্রীয় তহবিলে জমার সিদ্ধান্ত ......

আগামি জুলাই থেকে রপ্তানী আয়ের ০.০৩% শ্রমিক কল্যাণে কেন্দ্রীয় তহবিলে জমার সিদ্ধান্ত ......

নিউজ ডেস্কঃ আগামী ১লা জুলাই থেকে তৈরী পোষাক শিল্পের রপ্তানী আয়ের শতকরা ০.০৩ ভাগ সরাসরি শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় তহবিলে জমা হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শতভাগ রাপ্তানীমুখী শিল্পখাত হিসেবে তৈরী পোশাক শিল্পের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, সরকার শ্রম আইনের আলোকে শতভাগ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কল্যাণে এই কেন্দ্রীয় তহবিল গঠন করছে। সভায় বিজেএমইএ এবং বিকেএমইএ’র মাধ্যমে শিল্পকারখানায় নিয়োজিত সকল শ্রমিকদের দ্রুত একটি ডাটাবেজ তৈরীর সিদ্ধান্ত হয়। শ্রম আইনের আলোকে শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরের জন্য বিধি প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট শিল্প সেক্টরে কর্মরত সুবিধাভোগীদের জন্য ক্রেতা ও মালিকের সমন্বয়ে সেক্টর ভিত্তিক কেন্দ্রীয়ভাবে একটি করো তহবিল গঠন, তহবিল পরিচালনা বোর্ড গঠন, অনুদানের পরিমাণ নির্ধারণ ও আদায়ের পদ্ধতি এবং তহবিলের অর্থের ব্যবহারের বিধানসহ আনুসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বিধানসমূহ নিয়ে আলোচনা হয়েছে।

কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এক প্রতিক্রিয়ায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিকদের কল্যাণে এ ধরনের তহবিল গঠন শ্রম বান্ধব সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। সভায় জানানো হয় তহবিলে প্রাপ্ত অর্থ দু‘টি হিসাবের মাধ্যমে শতকরা ৫০ ভাগ সুবিধাভোগি কল্যাণ হিসাব এবং ৫০ ভাগ আপদকালীন হিসাবে জমা হবে। তহবিলে জমাকৃত অর্থ সুবিধাভোগীদের দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। চাকুরিরত অবস্থায় অসুস্থতা জনিত স্থায়ী অক্ষমতার কারণে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

এছাড়া এ তহবিল থেকে সুবিধাভোগীদের দীর্ঘমেয়াদী অসুস্থতা, মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান এবং সামাজিক নিরাপত্তামুলক সুবিধা হিসাবে বিশেষায়িত হাসপাতাল স্থাপনে ব্যায় করা হবে। গত ৪ঠা এপ্রিল এক প্রজ্ঞাপন দ্বারা সরকার ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড গঠন করে। সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্ন-সচিব ম আ কাশেম মাসুদ, বিজেএমই’র সভাপতি মো. সিদ্দুকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাছির, মাহামুদ হাসান খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বেগম নাজমা আক্তার, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সদস্য সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন