
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এটাকে গ্রহণযোগ্য মনে করি না এটার জন্য আমরা বিব্রত। এ শিক্ষকের জন্য যা যা করণীয় সম্ভব সেটা অবশ্যই করবেন বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন ।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে সবার সামনে ওই শিক্ষককে কান ধরে উঠবস করার পর জনতা শান্ত হয়। তবে শ্যামল কান্তি ভক্ত নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে বলেছেন, পুরো ঘটনাই বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ।
শিক্ষামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ঘটনাটা আমি খবর নিয়েছি, এটা খুবই দুঃখজনক। এটা কখনোই কাম্য হতে পারে না, ১জনকে শিক্ষককে এই পরিস্থিতির মুখোমুখি করা কিংবা তার প্রতি এই ধরণের আচরণ করা। শিক্ষকরা অপরাধ করে থাকলে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে জানিয়ে মন্ত্রী বলেন, ১টা নিয়ম-কানুন আছে, রীতি আছে, রেওয়াজ আছে। এটাকে গ্রহণযোগ্য মনে করি না, এটার জন্য আমরা বিব্রত ।
এ ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের শিক্ষকরা যেখানে এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হন, আমরা দ্রুতই খবর নেওয়ার চেষ্টা করি। আমরা এ বিষয়ে আরো তথ্য নিব। প্রয়োজনে এ বিষয়ে আরো তদন্ত করে এ বিষয়ে যা যা করণীয় সম্ভব সেটা অবশ্যই করব। প্রয়োজনে এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হবে ।