News71.com
 Bangladesh
 16 May 16, 09:25 PM
 532           
 0
 16 May 16, 09:25 PM

আন্তর্জাতিক কলরেট বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট।।

আন্তর্জাতিক কলরেট বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক টেলিফোন ইনকামিং কল রেট বৃদ্ধি করে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে বিটিসিএল নির্ধারিত প্রতি মিনিটে ২ সেন্ট (প্রায় ১ টাকা ৬০ পয়সা) হারেই বাংলাদেশ সরকারকে মূল্য পরিশোধ করতে হবে চারটি আন্তর্জাতিক কল কেরিয়ার (স্থানান্তর) প্রতিষ্ঠানকে।


হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে আজ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই রায় দেন।


আদালতে বিটিসিএলের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ এবং চার আন্তর্জাতিক কল কেরিয়ার কোম্পানির পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।


বিটিসিএল গত বছরের ২৪শে নভেম্বর আন্তর্জাতিক কলরেট প্রতি মিনিটে দেড় সেন্ট থেকে বাড়িয়ে ২ সেন্ট করার সিদ্ধান্ত নেয়। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আরবিট্রেশন অ্যাক্ট এর ৭ এর (ক) ধারায় হাইকোর্টে আরবিট্রেশন অ্যাপলিকেশন করে চার আন্তর্জাতিক কল কেরিয়ার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- যুক্তরাজ্যভিত্তিক অরবিট টেলিকম লিমিটেড, সিঙ্গাপুরভিত্তিক টেলিকম এশিয়া লিমিটেড, ট্রান্সম্যান লিমিটেড ও আইটিসি লিমিটেড।


তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৯ ফেব্রুয়ারি এক রায়ে আন্তর্জাতিক ইনকামিং কলরেট বৃদ্ধির বিষয়টি আরবিট্রেশনের (শালিসের) মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেন।


হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে বিটিসিএল ২৭ এপ্রিল আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজি ডব্লিউ) অপারেটর্স ফোরামও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। দুটি আবেদেন নিষ্পত্তি করে আপিল বিভাগ আজ এ রায় দিল।


বিটিসিএলের আইনজীবী ব্যারিস্টার মাসুদ সাঈদ বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দুটি লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে বিটিসিএল নির্ধারিত ২ সেন্ট হারেই আন্তর্জাতিক ইনকামিং কল মূল্য পরিশোধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন