
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।আজ বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাসকাওয়াত হাসান ওরফে সাকিব ওরফে আব্দুল্লাহ। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে।
আজ দুপুরে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসানকে কঠোর গোপনীয়তার মধ্যে আদালতে হাজির করে পুলিশ। আদালত চত্ত্বরে সকাল থেকে এজন্য নিরাপত্তা জোরদার করা হয়। আদালত থেকে বের করার সময় তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম তার গ্রেফতার ও আদালতে হাজির করার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাকে কবে, কখন, কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানান নি।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মাসকাওয়াত সরসারি কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে স্বীকার করেছে। নিষিদ্ধ সংগঠন জেএমবি’র হাই কমান্ডের নির্দেশে তারা এ কিলিং মিশনে অংশ নেয়। তবে তার সহযোগীদের ব্যাপারে এখনও জানায়নি মাসকাওয়াত। উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল নগরীর শালাবাগান এলাকায় নিজ বাড়ির একটু দূরে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।